27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

সখীপুর প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি

সখীপুরসখীপুর প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের সভাপতি, সখীপুর বার্তার সম্পাদক ও কালের কণ্ঠ’র স্থানীয় প্রতিনিধি শাকিল আনোয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবার রাতে শাকিল আনোয়ার বাদী হয়ে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই জিডিতে নাম সর্বস্ব সাপ্তাহিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি জেহাদুল কাদের ও শরীফুল ইসলামকে আসামি করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপরিচিত একটি মুঠোফোন থেকে শাকিল আনোয়ারকে প্রাননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল করা হয়। পরে খোঁজ নিলে ওই নম্বরটি জেহাদুল কাদেরের বলে প্রমাণিত হয়। এ বিষয়ে শাকিল আনোয়ার ওই রাতেই সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
শাকিল আনোয়ার বলেন, জেহাদুল ওরফে কাদের টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চর এলাকার বাসিন্দা। কয়েক বছর ধরে সে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামে শশুরবাড়িতে থাকেন। সে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ও জেলার বিভিন্ন সরকারি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে। কয়েক বছর আগে সখীপুরের এক ব্যবসায়ী জেহাদুলকে আসামি করে চাঁদাবাজি মামলা করে। ওই মামলায় জেহাদুল কয়েকমাস কারাগারে ছিলেন। চাঁদাবাজি মামলার একজন সাক্ষী হিসেবে শাকিল আনোয়ারের নাম থাকায় জেহাদুল তাঁকে হুমকি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শাকিল আনোয়ার সাংবাদিকদের বলেন, জেহাদুলের বিরুদ্ধে মামলায় আমি যেন সাক্ষী না দেই এইজন্যই আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে জহাদুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া বলেন, ওই হুমকির ঘটনায় জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সখীপুরে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের সভাপতিকে হুমকির ঘটনায় জরুরী সভায় তীব্র নিন্দা জানিয়েছেন। হুমকিদাতা ওই কথিত সাংবাদিককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles